মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা, শঙ্কায় আরো ৩ জেলা

অতিভারি বৃষ্টির কারণে মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া আরো তিন জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পাঁচ জেলার মধ্যে ইতিমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু হয়ে গেছে। বাকি তিন জেলায় বন্যা হতে পারে, কারণ এসব জেলার নদ-নদীর পানি বাড়ছে।

এর মধ্যে এখন যে বৃষ্টি আছে তা আরো অন্তত পাঁচ দিন থাকতে পারে বলে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে।

আজ বুধবার সকালে গণমাধ্যমকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, ‘সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টির জন্যই এ অবস্থা।

এর আগে আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেয়।

গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি শুরু হয়েছে। রাজধানীতে আজ সকাল থেকেই বৃষ্টি চলছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, ১৬১ মিলিমিটার।

এ ছাড়া ভোলায় বৃষ্টি হয়েছে ১৫১ মিলিমিটার, ফেনীতে ১৪৮ মিলিমিটার।

দেশের চার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র। এসব নদী হলো ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা। এর মধ্যে মনু বাদ দিয়ে বাকি তিন নদীই নেত্রকোনা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এর বাইরে সুরমা, কুশিয়ারা নদীর পানিও এক থেকে দেড় মিটারের বেশি বেড়েছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া।

তিনি বলেন, ‘এসব নদী আকারে ছোট। তাই ভারি বৃষ্টি হলে এভাবে পানি বেড়ে যায়।’

About Author

Check Also

মিরপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *